প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪১ পিএম
সংগৃহীত ছবিচলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে ১৫২ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনের রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় ৩.৪০ শতাংশ বেড়েছে। গত ২০২৫ সালের সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪৭ কোটি ৫০ লাখ ডলার।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৩৫ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।
গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এসেছিল ৬৩৭ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের এ সময় পর্যন্ত বার্ষিক রেমিট্যান্স প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১৫.৩ শতাংশ।
খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে ডলারের দর স্থিতিশীল থাকা এবং প্রণোদনার সুবিধার কারণে প্রবাসীরা বৈধপথে রেমিট্যান্স পাঠাতে বেশি আগ্রহী হচ্ছেন, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির গতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।