ছবি: যাযাদিসিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার চালা উত্তরপাড়া পতেঙ্গা মসজিদসংলগ্ন এলাকায় প্রায় ১৭ বছর ধরে রাস্তা নির্মাণ না হওয়ায় দুর্ভোগে থাকা মানুষের চলাচলের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে বাশের সাকো নির্মাণ করে দিয়েছেন মুকুন্দগাতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও বেলকুচি পৌরসভার মেয়র পদপ্রার্থী হাজী মোহাম্মদ আলী ভূইয়া। তার এ উদ্যোগে সাময়িকভাবে চলাচলের সুবিধা পেয়েছেন কয়েকশ পরিবারের সদস্যরা।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি নির্মাণ না হওয়ায় তাদের প্রতিদিন নানা সমস্যার মুখোমুখি হতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তায় পানি জমে থাকায় চলাচল কঠিন হয়ে পড়ে। জমে থাকা পচা পানির মধ্য দিয়ে যাতায়াত করতে গিয়ে ভোগান্তিতে পড়েন শিশু, নারী, বয়স্ক মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি নির্মাণের দাবি জানিয়ে এলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা রাস্তা নির্মাণের আশ্বাস দিলেও স্থায়ী সমাধান মেলেনি। ফলে কয়েকশ পরিবারকে দীর্ঘদিন ধরে দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে।
এ পরিস্থিতিতে স্থানীয়দের ভোগান্তি কমাতে এগিয়ে আসেন হাজী মোহাম্মদ আলী ভূইয়া। তিনি নিজস্ব অর্থায়নে চালা উত্তরপাড়া পতেঙ্গা মসজিদসংলগ্ন এলাকায় বাশের সাকো নির্মাণ করে দেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাকুটি দিয়ে প্রায় ৫০০ থেকে ৭০০ পরিবারের মানুষ চলাচল করেন। দৈনন্দিন কাজকর্ম, বাজারে যাতায়াতসহ নানা প্রয়োজনে এটি তাঁদের কাজে আসছে।
হাজী মোহাম্মদ আলী ভূইয়া বলেন, নিজস্ব অর্থায়নে দেলুয়া, বোল্ডার বাজার ও পতেঙ্গাসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে মোট ৬ থেকে ৭টি বাশের সাকো নির্মাণ করে দিয়েছি। আমার উদ্দেশ্য হলো, সাধারণ মানুষ যেন কোনো ঝামেলা ছাড়াই যাতায়াত করতে পারেন এবং ভোগান্তির শিকার না হন। মানুষের চলাচলের কষ্ট কিছুটা হলেও কমাতে আমি সামর্থ্য অনুযায়ী এ উদ্যোগ নিয়েছি।
তিনি আরও জানান, এলাকার মানুষ যেন সহজে চলাচল করতে পারেন এবং চরাঞ্চলের বাসিন্দাদের যাতায়াতের সমস্যা কমে আসে, সে বিষয়টি বিবেচনা করেই এসব সাকো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাশের সাকো নির্মাণের ফলে আগের তুলনায় চলাচল সহজ হয়েছে। আগে জমে থাকা পচা পানির মধ্য দিয়ে যাতায়াত করতে হতো। এখন সাকো ব্যবহার করে তুলনামূলক স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন তারা। তবে তাদের মতে, এ উদ্যোগ সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘদিনের দুর্ভোগ পুরোপুরি দূর করতে স্থায়ী রাস্তা নির্মাণ ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা প্রয়োজন।
হাজী মোহাম্মদ আলী ভূইয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বেলকুচি পৌরসভার প্রথম প্রশাসক হাজী জামাল উদ্দিন ভূইয়ার ছেলে। বর্তমানে তিনি মুকুন্দগাতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বেলকুচি পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে পরিচিত।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিনের সমস্যাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত রাস্তা নির্মাণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করবে। এতে চালা উত্তরপাড়া, পতেঙ্গা মসজিদসংলগ্ন এলাকা এবং আশপাশের চরাঞ্চলের শত শত পরিবারের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে বলে মনে করছেন তারা।