প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:৫৪ পিএম
ছবি-যাযাদি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে দক্ষিণ বরুমছড়ায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো তিন পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাঁশখালী উপজেলা প্রশাসন, স্থানীয় বিএনপি ও সমাজসেবীরা। এতে সম্মিলিত উদ্যোগে তিন পরিবারের পুনর্বাসনের জন্য ৩টি পাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার পুকুরিয়া ইউপির দক্ষিণ বরুমছড়ার ফকির পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পুনর্বাসনের পাকা ঘরের নির্মাণ কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাখাওয়াত জামাল দুলাল, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য কামরুল ইসলাম হোসাইনী, ব্যবসায়ী জয়নাল আবেদীন নূরী, ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন, বাঁশখালী কোর্টের পিপি বোরহান উদ্দিন নূরী, বিএনপি নেতা মাঈনুল হক পলাশ, শাহাদাত হোসেন চৌধুরী, নুরুল আজিম, মনির উদ্দিন ময়ুর প্রমুখ।'
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, 'পুকুরিয়ায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্তদের পাশে সবাই যেভাবে দাড়িয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। মানবিক দৃষ্টিকোণ থেকে এটা অনেক বড় মহৎ উদ্যোগ। অগ্নিকাণ্ডের পরপরই স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সরকারের পক্ষ থেকেও সহযোগিতা পাঠানো হয়েছে। আশাকরি এই এলাকায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে।'
দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, 'আমাদের বাঁশখালীর পুকুরিয়ায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো তিন পরিবারকে নতুন পাকা ঘর উপহার দেওয়া সত্যি প্রশংসনীয়। উপজেলা প্রশাসন, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও সমাজসেবী ভাইদের এই মহৎ ও মানবিক উদ্যোগকে স্বাগত জানাই। ক্ষতিগ্রস্তরা উপহার পাওয়া নতুন পাকা ঘরে তাদের হারানো সবকিছু আবার নতুন করে ফিরে পাবে বলে আশা রাখি।'
উল্লেখ্য: গত ১৮ অক্টোবর (রোববার) রাতে পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমচড়া মোনায়েম শাহ বাজারের পশ্চিম পাশে ফকির পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ১৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্তরা।'