প্রতীকী ছবিখুলনায় পৃথক ঘটনায় এক মুদি দোকানদার ও এক যুবদল নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া ও জেলার তেরখাদা উপজেলায় এসব ঘটনা ঘটে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
দক্ষিণ টুটপাড়ায় মুদি দোকানদারকে গুলি খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে আকাশ কুণ্ড নামে এক মুদি দোকানদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুর্বৃত্তরা আকাশ কুণ্ডকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে তাঁর পেটে গুলি লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তবে এ হামলার পেছনে কারা জড়িত এবং কী কারণে তাঁকে গুলি করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এছাড়া একদিনেই দুটি ঘঠনা তেরখাদায় যুবদল নেতাকে গুলি
অন্যদিকে, খুলনার তেরখাদা উপজেলায় রামিন বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতাকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার পারহাজী গ্রামের হাবিবুর বিশ্বাসের ছেলে এবং মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
জানা গেছে, শনিবার বেলা আনুমানিক ১১টা ১০ মিনিটে পারহাজী গ্রামে আয়নাল মোল্লার বাড়ির সামনে দিয়ে ভ্যানে করে কোলা বাজারে যাচ্ছিলেন রামিন বিশ্বাস। এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
নগরীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ
খুলনা মহানগরীতে সাম্প্রতিক সময়ে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের কেউ কেউ এসব ঘটনার পেছনে আশিক ও নূর আজিমের অনুসারীদের জড়িত থাকার অভিযোগ তুলেছেন।
স্থানীয়দের অভিযোগ, নগরীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। অন্যদিকে, পুলিশ নিয়মিত অভিযান চালানোর কথা বললেও অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজনের অভিযোগ, পুলিশের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে অপরাধীদের যোগসাজশ রয়েছে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে অপরাধীরা সুবিধা পেয়ে থাকে।
দুই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং নগরীতে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।