প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:০৮ এএম
ছবি-যাযাদি ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রজনন মৌসুম। এ সময় সরকার ইলিশ মাছ ধরা, বিক্রয়, পরিবহণ, বিপণন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে। মা ইলিশ ধরা থেকে বিরত থাকা জেলেদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সরকারি ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় টেকনাফ উপজেলার আওতাধীন সাবরাং ইউনিয়ন পরিষদের জেলেদেরকে ২৫ কেজি করে মোট ১০৭৪ জন জেলের মধ্যে ভিজিএফ চাল বিতরণ ১৫ অক্টোবর ২০২৬ ইংরেজি শুভ উদ্বোধন করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম অনীক চৌধুরী।
এ সময় সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল মন্নান, ইউপি সদস্য ছিদ্দিক আহমদ, ইউপি সদস্য কবির আহমদ, ইউপি সদস্য মোহাম্মদ শরিফ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম অনীক চৌধুরী বলেন, বর্তমান সরকার আগামী দিনে জেলে সম্প্রদায় সহ দেশের সব মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। তারই ধারাবাহিকতায় ২২ দিন ইলিশ আহরণ বন্ধ থাকাকালীন সরকারের পক্ষ থেকে সাবরাং ইউনিয়ন পরিষদের জেলেদের মধ্যে এ চাল বিতরণ সহায়তা দেওয়া হয়েছে। ধীরে ধীরে পৌরসভা ও সকল ইউনিয়নে জেলেদের মাঝে এ সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।