প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৪:০৩ পিএম
ছবি-যাযাদি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকারি বনভূমি জবরদখলমুক্ত করার অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এতে রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনসহ বন বিভাগের একাধিক কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন বলে জানিয়েছে বন বিভাগ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাঙ্গুনিয়া রেঞ্জাধীন কোদালা বিটের এভিয়ারি অ্যান্ড ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগ সূত্রে জানা গেছে,সরকারি বনভূমি অবৈধ দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রথম পর্যায়ে পার্কিং এলাকার পাশে অবৈধভাবে নির্মিত দুটি ঘর ও ঘেরা-বেড়া উচ্ছেদ করা হয়। পরে ইকোপার্কের পিকনিক স্পট দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে দখলদারদের বাধার মুখে পড়ে অভিযান পরিচালনাকারী দল। এ সময় একটি ঘর উচ্ছেদের পর সাময়িকভাবে অভিযান স্থগিত করা হয়।
পরে ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত হলে রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন তাঁর সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তির নেতৃত্বে ২০০ থেকে ২৫০ জনের একটি দল বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
বন বিভাগের দাবি, হামলায় নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের মধ্যে আহমেদ ওরফে আহমুদুল হক, মাহবুব ওরফে পঁচাইয়া, মো. ফারুক, মো. হোসেন, আনোয়ার ও বাবুল রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বন আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে,
বন বিভাগের পক্ষ থেকে সরকারি দায়িত্ব পালনে বাধা ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সরকারি বনভূমি রক্ষা এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ও মামলা দায়ের করা হয়েছে।