প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:৫১ পিএম
ছবি-যাযাদি খুলনার কয়রায় সুন্দরবননির্ভর ৪০ বনজীবীর জীবিকা সচল রাখা ও জীবনের ঝুঁকি কমাতে নৌকা, মাছ ধরার জাল ও লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে উত্তর বেদকাশী ইউনিয়নের কাটমারচর খেয়াঘাটে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
এ সময় তিনি বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল অসহায় বনজীবীদের জীবনযাত্রার মানোন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিদেশি দাতা সংস্থার এ ধরনের উদ্যোগ কয়রার দরিদ্র বনজীবীদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এলাকার সার্বিক উন্নয়নে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
সহায়তাপ্রাপ্ত বনজীবী আরিফুল ইসলাম বলেন, সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরে তাঁদের সংসার চলে। নিজের নৌকা ও জাল না থাকায় এত দিন অন্যের নৌকায় কাজ করে কষ্টে দিন কাটাতে হতো। এখন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট পেয়ে তাঁদের উপার্জনের সুযোগ বাড়বে। এসব সামগ্রী ব্যবহার করে নিরাপদে জীবিকা নির্বাহের পাশাপাশি পরিবার চালাতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
দাতা সংস্থার আঞ্চলিক প্রতিনিধি ও ইউপি সদস্য আবু হাসান বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে উপকূলীয় এলাকার বনজীবীদের জীবন ধারণ করতে হয়। তাঁদের স্বাবলম্বী করা এবং নিরাপদে উপার্জনের সুযোগ সৃষ্টি করাই এ সহায়তার মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, মাওলানা সুজাউদ্দিন, মাস্টার নূর কামাল হোসেন ও শাহাবুদ্দিন মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।