প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:২৭ পিএম
ছবি-যাযাদি ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত নতুন ধরনের মাদক ‘ফেয়ারডিল নিউ’ বহনকারী একটি পিকআপ থেকে ৫৬০ বোতল মাদক জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ফারুক মিয়া (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। জব্দ করা মাদক, পিকআপ ও মুঠোফোনের মোট আনুমানিক মূল্য ২১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নেত্রকোণা সদর উপজেলার দিগজান বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। শনিবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে অধিদপ্তরের একটি দল সিধলী থেকে নেত্রকোনাগামী সড়কের দিগজান বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপে তল্লাশি করে নয়টি প্লাস্টিকের বস্তায় রাখা ৫৬০ বোতল ‘ফেয়ারডিল নিউ’ জব্দ করা হয়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মাদকটি ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।
আটক ফারুক মিয়া পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামের জব্বার আলীর ছেলে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-১২-৩৯৯২ নম্বরের একটি সিঙ্গেল কেবিন পিকআপ ও একটি ওয়ালটন বাটনফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় নিয়মিত মামলা করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, মামলার পর ফারুক মিয়াকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে।