প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:৩১ পিএম
ছবি-যাযাদি নেত্রকোনার মদনে কলাগাছিয়া খাল দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার মাঘান ইউনিয়নের মাঘান গ্রামে তাহের পাগলার মাজার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক শতাধিক লোক অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন মাঘান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম রতন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুরুল হক মঞ্জু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন তালুকদার, ইউপি সদস্য রুবেল মিয়া ও বাচ্চু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় বক্তারা বলেন, কলাগাছিয়া খালটি দীর্ঘদিন ধরে মাঘান ও রানীহালা গ্রামের চারটি মসজিদ ও একটি মন্দিরের উন্নয়নের জন্য এলাকাবাসীর উদ্যোগে প্রতি বছর ইজারা দেওয়া হয়। ইজারা থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নমূলক কাজ করা হয়।
অভিযোগ করে তারা বলেন, এবার স্থানীয় মাহবুব মেম্বার, পলাশ মিয়া, সোহেল মিয়া, রফিক মিয়া, ঝুমন মিয়াসহ কয়েকজন ব্যক্তি খালটি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছেন। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অবিলম্বে খালটি দখলমুক্ত করে পূর্বের নিয়মে মসজিদ-মন্দিরের উন্নয়নে ইজারা প্রক্রিয়া বহাল রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত পলাশ মিয়া বলেন, "আমরা গ্রামবাসীর বিপক্ষে নই। খালের ইজারার টাকা প্রতিটি মসজিদ ও মন্দিরের উন্নয়নে ব্যবহৃত হোক, এটা আমরাও চাই। তবে কোনো প্রতিষ্ঠান যেন বাদ না পড়ে। আমরা চাই, সবগুলো প্রতিষ্ঠানই যেন সঠিকভাবে তাদের প্রাপ্য বুঝে পায়। আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, "এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"