প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:৩৬ পিএম
ছবি-যাযাদি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।পুলিশের কাজে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং হামলার অভিযোগ আনা এ মামলায় ১৩জনকে এজহার নামীয় ও ৫/৬'শ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে এবং এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কেরানীহাটের উত্তর পাশে পাঠানীপুল এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা ও মেয়ের মৃত্যুর পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়ার পথে সাতকানিয়া থানা পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ সময় আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের সদস্যদেরও বাধা দেওয়া হয়।
এ ঘটনায় সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহেদ বাদী হয়ে ১৩জনকে এজহার নামীয় ও ৫/৬'শ জনকে অজ্ঞাত আসামী করে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পুলিশের কাজে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং হামলার সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, দায়েরকৃত মামলায় এ পর্যন্ত ৪জনকে আটক করা হয়েছে। অন্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।