প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:০৯ পিএম
ছবি-যাযাদি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মহাসড়কের বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাজীপাড়া এলাকার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) এবং রংপুর সদর উপজেলার হরকলি চৌরাপাড়া এলাকার মুমিনুল ইসলামের ছেলে আছিম (১৮)।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সিলেটের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়ক বিভাজকের ওপর উল্টে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই যাত্রীর মৃত্যু হয়। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।