প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:৫৩ এএম

নাটোরে কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। শনিবার বাদ এশা শহরের দক্ষিন বড়গাছা বুড়াদর্গা ঈদগাহ মাঠে জানাজায় অংশ নেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, জেমসের বাবা আলহাজ্ব আবুল কালাম নাটোর শহরের দক্ষিন বড়গাছা মহল্লার হাজী পাড়ার বাসায় দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে ভুগছিলেন। শনিবার দুপুরে তিনি মৃত্যুবরন করেন।
বাবার মৃত্যুর পর জেমসের পরিবার প্রশাসনের কাছে তার প্যারোলে মুক্তির আবেদন করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পুলিশি পাহারায় তাকে দুই ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাযায় অংশ নিয়ে বাবার প্রতি শেষ শ্রদ্ধা জানান জেমস। এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্তনা দেন এবং
আত্মীয়-স্বজনদের সঙ্গে কিছু সময় কাটান।
জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও মুসল্লিরা অংশ নেন। নাটোর জেলা কারাগারের জেলার মোঃ আব্দুল্লাহীল ওয়ারেস জানান, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্বাহী আদেশে রাকিবুল হাসান জেমস্ নামে একজনকে বাবার জানাযায় অংশ নিতে প্যারোলের শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য বিচারাধীন মুক্তি দেয়া হয়েছে। সময় শেষে জেমসকে পুনরায় কারাগারে ফিরে যেতে হবে। আইন অনুযায়ী মানবিক বিবেচনায় নিকটাত্মীয়ের মৃত্যু অসুস্থতা কিংবা বিশেষ পারিবারিক প্রয়োজনে বন্দিদের প্যারোলে মুক্তির সুযোগ রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা জেমস গত ২২ জুন অসুস্থ বাবাকে দেখতে এসে নিজ বাড়ি থেকে ৫আগষ্ট সংঘঠিত একটি হত্যা মামলায় নাটোর থানা পুলিশের হাতে গ্রেফতার হন।