প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:২৪ পিএম
ছবি-যাযাদি নেত্রকোণায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার প্রধান আসামি আমিনুল ইসলামকে (২২) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। ঘটনার পর থেকে পলাতক থাকা আমিনুলকে গ্রেপ্তারের পর নেত্রকোণা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এসআরবি-১৪-এর ময়মনসিংহ কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান জানান, শনিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে আমিনুলকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাঁকে নেত্রকোণা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর সঙ্গে আমিনুল ইসলামের ইসলামী শরিয়াহ অনুযায়ী বিয়ে হলেও তা নিবন্ধন করা হয়নি। পরে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আমিনুল ও তাঁর পরিবারের সদস্যরা তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১ আগস্ট বিকেল ৪টার দিকে বিয়ে নিবন্ধনের অনুরোধ জানাতে আমিনুলের বাড়িতে যান ওই নারী। এতে ক্ষিপ্ত হয়ে আমিনুলসহ অন্য আসামিরা তাঁকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তাঁকে ও তাঁর অনাগত সন্তানকে হত্যার পর লাশ গুম করার হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী নেত্রকোণার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা করেন। পরে আদালতের নির্দেশে গত ১৪ আগস্ট নেত্রকোনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারায় মামলা করা হয়। মামলাটির নম্বর ২৬। এতে আমিনুল ও তাঁর পরিবারের সদস্যদের আসামি করা হয়েছে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে আমিনুলকে আদালতে পাঠানো হয়েছে।