সারিয়াকান্দিতে প্যানেল চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে ৭ ইউপি সদস্যের অভিযোগ

সারিয়াকান্দি প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী মো. মনজুরুল ইসলাম মনিম ও পরিষদের সচিব আবুল কালাম আজাদের বিরুদ্ধে

2026-10-25T16:37:17+06:00
2026-10-25T16:37:17+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সারিয়াকান্দিতে প্যানেল চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে ৭ ইউপি সদস্যের অভিযোগ
সারিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:৩৭ পিএম  
ছবি: যাযাদি
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী মো. মনজুরুল ইসলাম মনিম ও পরিষদের সচিব আবুল কালাম আজাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং সরকারি ভাতা ও উন্নয়ন বরাদ্দ বণ্টনে অনিয়মের অভিযোগ তুলেছেন সাত ইউপি সদস্য। এ বিষয়ে গত ১৫ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়ে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন তাঁরা। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ইউএনও।

অভিযোগকারী ইউপি সদস্যরা হলেন দুই নম্বর ওয়ার্ডের তহিদুল ইসলাম বাদশা, সাত নম্বর ওয়ার্ডের ফরিদ উদ্দিন, আট নম্বর ওয়ার্ডের আমির মন্ডল, তিন নম্বর ওয়ার্ডের আনোয়ার, ৯ নম্বর ওয়ার্ডের জাহিদুল ইসলাম এবং সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোছা. পারুল খাতুন ও ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোছা. রুপালী খাতুন।

লিখিত অভিযোগে ইউপি সদস্যরা উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চলে গেলে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কাজী মো. মনজুরুল ইসলাম মনিম প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। তাঁদের অভিযোগ, দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বিউটি আক্তারসহ কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে অনিয়মে জড়িয়ে পড়েন। এসব কাজে পরিষদের সচিব আবুল কালাম আজাদ সহযোগিতা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, ইউপি সদস্যদের সঙ্গে সভা বা পরামর্শ না করে প্যানেল চেয়ারম্যান ও সচিব মিলে পরিষদের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেন। সরকারের দেওয়া বিভিন্ন ভাতা প্রকৃত উপকারভোগীদের পরিবর্তে নিজেদের পছন্দের ব্যক্তিদের মধ্যে বণ্টন করা হয়। প্রতিবন্ধী, বিধবা, মাতৃত্বকালীন ও বয়স্ক ভাতার জন্য ইউপি সদস্যরা নিজ নিজ ওয়ার্ডের উপযুক্ত ব্যক্তিদের নাম সুপারিশ করলেও তা উপেক্ষা করে প্যানেল চেয়ারম্যান নিজের পছন্দ অনুযায়ী তালিকা তৈরি করেন বলে অভিযোগ তাদের। মাতৃত্বকালীন ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে প্রত্যেকের কাছ থেকে পাচ থেকে ছয় হাজার টাকা নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। এ ছাড়া অগভীর নলকূপের তালিকা তৈরির ক্ষেত্রেও প্রতিটির জন্য কয়েক হাজার টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন তারা।

একাধিক ইউপি সদস্যের দাবি, প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর কাজী মনজুরুল ইসলামের জীবনযাপনে পরিবর্তন এসেছে এবং তিনি দোতলা বাড়ি নির্মাণ করেছেন। পরিষদের সিদ্ধান্ত গ্রহণে অন্য সদস্যদের সঙ্গে সমন্বয় না করার পাশাপাশি উন্নয়ন তহবিলের অর্থের বড় অংশ তার কাছে রয়েছে বলেও অভিযোগ করেছেন তারা। তবে এসব অভিযোগের পক্ষে কোনো স্বাধীন তদন্তের ফলাফল এখনো পাওয়া যায়নি।

কামালপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য তহিদুল ইসলাম বলেন, তারা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। জনগণ তাদের কাছে সেবা প্রত্যাশা করে। কিন্তু বরাদ্দ বণ্টনে হস্তক্ষেপ ও স্বজনপ্রীতির কারণে তাঁরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না। তার অভিযোগ, কোনো ভাতার কার্ড বা বরাদ্দ এলে প্যানেল চেয়ারম্যান নিজের অনুকূলে অর্ধেকের বেশি রেখে অল্পসংখ্যক তাদের দেন।

৭ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদ উদ্দিন অভিযোগ করেন, প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদের মাধ্যমে উন্নয়নকাজ নিয়মবহির্ভূতভাবে টাকার বিনিময়ে বণ্টন করেন। কিছু কাজে ইউপি সদস্যদের স্বাক্ষর প্রয়োজন হওয়ায় সম্মানী ভাতা তোলার কথা বলে সচিবের মাধ্যমে চেকে আগাম স্বাক্ষর নিয়ে রাখা হয় বলেও দাবি করেন তিনি। এসব বিষয়ে ইউএনওর কাছে অভিযোগ করেছেন জানিয়ে ফরিদ উদ্দিন বলেন, তাঁরা সংসদ সদস্য, দুর্নীতি দমন কমিশন (দুদক), স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কাছেও লিখিত অভিযোগ দেবেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কামালপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাজী মো. মনজুরুল ইসলাম মনিম তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
  বিষয়:   সারিয়াকান্দি  কামালপুর  দুর্নীতির অভিযোগ  ইউপি সদস্য 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত