ত্যাগের মূল্যায়ন নেই, পেকুয়া বিএনপিতে বাড়ছে অসন্তোষ

পেকুয়া প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের পেকুয়ায় দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক ত্যাগ, মামলা-হামলা ও কারাভোগের পরও যথাযথ মূল্যায়ন না পাওয়ার অভিযোগে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে

2026-10-25T16:34:21+06:00
2026-10-25T16:34:21+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ত্যাগের মূল্যায়ন নেই, পেকুয়া বিএনপিতে বাড়ছে অসন্তোষ
পেকুয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:৩৪ পিএম  
ছবি: যাযাদি
কক্সবাজারের পেকুয়ায় দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক ত্যাগ, মামলা-হামলা ও কারাভোগের পরও যথাযথ মূল্যায়ন না পাওয়ার অভিযোগে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃত্বের সঙ্গে তৃণমূলের একাংশের দূরত্ব এবং সাংগঠনিক সমন্বয়হীনতা আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলটির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। এ পরিস্থিতিতে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে প্রার্থী বাছাই এবং অভ্যন্তরীণ বিরোধ নিরসনের দাবি উঠেছে।

তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তাঁদের অনেকে মামলার আসামি হয়েছেন, কারাভোগ করেছেন, দীর্ঘদিন বাড়িছাড়া ছিলেন এবং আর্থিক সংকটে পড়েছেন। দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তাঁদের অনেকেই প্রত্যাশিত মূল্যায়ন পাচ্ছেন না। অন্যদিকে, দলের একাংশের নেতার আর্থিক অবস্থার উন্নতি হলেও ত্যাগী কর্মীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে প্রত্যাশিত উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এতে দলের ভেতরে হতাশা ও বঞ্চনাবোধ বাড়ছে।

দলীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে পেকুয়ার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়। একই ধারাবাহিকতায় গঠিত হয় সহযোগী সংগঠনগুলোর কমিটিও। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা ছিল, দীর্ঘদিনের ত্যাগের যথাযথ মূল্যায়ন হবে। তবে তাঁদের একটি অংশের দাবি, সেই প্রত্যাশা পূরণ হয়নি। এ নিয়ে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অসন্তোষের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে।

সম্প্রতি উপজেলা বিএনপির নেতৃত্বে বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত বর্ধিত সভায় তৃণমূলের একাধিক নেতাকর্মী সাংগঠনিক দূরত্ব ও নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সভাগুলোতে স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়ার দাবি ওঠে। অভ্যন্তরীণ বিরোধ নিরসন না হলে নির্বাচনে দলকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করেন কেউ কেউ। এসব সভায় ইউনিয়ন পর্যায়ের নেতৃত্বের কর্মকাণ্ড নিয়ে উপজেলা পর্যায়ের কয়েকজন নেতাও অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

বিএনপিকর্মী অ্যাডভোকেট মিনার উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দলীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁর বক্তব্য, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না হলেও ঐক্য বজায় রাখতে না পারলে পেকুয়ার সাতটি ইউনিয়নে বিএনপির ভরাডুবি হতে পারে।

বিএনপির তৃণমূলের নেতা ইউসুফ রুবেল বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁরা আশা করেছিলেন, এবার বিএনপির সুদিন ফিরবে। কিন্তু বাস্তবে তৃণমূলের অনেক নেতাকর্মী হতাশ। উপজেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে নতুন করে দলে সক্রিয় হওয়া ব্যক্তিদের বেশি প্রাধান্য দেওয়া হলে সাংগঠনিক ঐক্য দুর্বল হতে পারে। এ পরিস্থিতির সমাধান না হলে আগামী স্থানীয় নির্বাচনে বিএনপির প্রার্থীদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে।

এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আহাসান উল্লাহ খোকন এবং সাবেক ছাত্রদল নেতা জিয়া ও আজম শরীফসহ আরও কয়েকজন নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে দলের অভ্যন্তরীণ অনৈক্য নিয়ে পোস্ট দিয়েছেন। তাঁদের বক্তব্যেও আগামী নির্বাচনে এই পরিস্থিতির সম্ভাব্য প্রভাবের বিষয়টি উঠে এসেছে।

এ বিষয়ে পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বলেন, বিগত সময়ে দলের নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছেন। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নেতাকর্মীদের প্রত্যাশাও বেড়েছে। বড় দলে নেতাকর্মীর সংখ্যা বেশি থাকায় বিভিন্ন পর্যায়ে দূরত্ব ও অনৈক্য তৈরি হতে পারে। ইউনিয়ন বিএনপির সঙ্গে তৃণমূলের কিছু নেতাকর্মীর দূরত্ব রয়েছে। নেতা থেকে নেতার মধ্যেও কিছু ক্ষেত্রে অনৈক্য থাকতে পারে।

ইকবাল হোছাইন আরও বলেন, এসব বিষয় বৈঠকের মাধ্যমে সমাধান করা হবে। ঐক্যবদ্ধ পেকুয়া বিএনপি ও সহযোগী সংগঠনগুলোকে নিয়ে স্থানীয় নির্বাচন শেষ করা হবে। তৃণমূল নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়েই প্রার্থী বাছাই করা হবে বলে তিনি আশ্বাস দেন।

স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাই, সাংগঠনিক সমন্বয় এবং তৃণমূলের সমর্থন নিয়ে বিএনপির ভেতরে চলমান আলোচনা আগামী দিনে দলটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। নির্বাচনের আগে নেতৃত্বের সঙ্গে তৃণমূলের দূরত্ব কমানো, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগের মূল্যায়ন এবং অভ্যন্তরীণ বিরোধ নিরসনে কী পদক্ষেপ নেওয়া হয়, তার ওপর পেকুয়া বিএনপির সাংগঠনিক ঐক্য ও নির্বাচনী প্রস্তুতি অনেকটাই নির্ভর করবে।
  বিষয়:   পেকুয়া বিএনপি  কক্সবাজার  তৃণমূল  নির্বাচন 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত