প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ২:৪৬ পিএম
ছবি: সংগৃহীতভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ঘিরে ‘কালো জাদু’ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে দেশটির পুলিশ। উত্তর প্রদেশের মৌ জেলার দোহরিঘাট থানা এলাকার সরযূ নদীর তীরে শ্মশানের কাছাকাছি স্থানে মোদির ছবি ও বিভিন্ন আচার-অনুষ্ঠানের সামগ্রী রাখার দৃশ্য ভিডিওতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং ভিডিওটি ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ঘটনায় মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার তদন্তে সাইবার সেলের সহায়তা নেওয়া হচ্ছে এবং ভিডিওটির উৎস শনাক্ত করার চেষ্টা চলছে।
পুলিশ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উত্তর প্রদেশের মৌ জেলার দোহরিঘাট থানা এলাকার সরযূ নদীর তীরে শ্মশানের কাছাকাছি একটি স্থানে নরেন্দ্র মোদির ছবি রাখা দেখা যায়। ছবিটির চারপাশে নারকেল, লেবু ও কমলা রঙের গুঁড়ার মতো বিভিন্ন সামগ্রী সাজানো ছিল।
ভিডিওটি পুলিশের নজরে আসার পর অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ এবং ভিডিওটির উৎস শনাক্ত করার কাজ শুরু হয়েছে।
ঘোষীর সার্কেল অফিসার সত্যেন্দ্র ভূষণ তিওয়ারি জানান, শনিবার দোহরিঘাট থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। সরযূ নদীর তীরে কারা প্রধানমন্ত্রীর ছবি ও এসব সামগ্রী রেখেছিল এবং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ ভিডিওটির উৎস শনাক্ত করতে সাইবার সেলের সহায়তা নিচ্ছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
তবে ভিডিওতে দেখানো কর্মকাণ্ডের উদ্দেশ্য এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হয়নি। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।