প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ পিএম
ছবি-যাযাদি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চাঞ্চল্যকর যুব মহিলা লীগ নেত্রী ডালিয়া আক্তার (৪৫) হত্যা মামলার রহস্য উদ্ঘাটনসহ ঘটনায় জড়িত ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার চান্দেরচর এলাকার মোঃ আশিক (২৩), গুলাগুলিয়া এলাকার মোঃ আলমগীর হোসেন (৩৬) ও মধ্যেপাড়া এলাকার মোঃ অনিক (১৯)।
রবিবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস্) তরিকুল ইসলাম।
তিনি জানায়, গত ২৩ অক্টোবর সকাল আনুমানিক ৬টার মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর রসুলপুর বাজারস্থ সুইডেন প্লাজার ৩য় তলার ফ্ল্যাটে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে ডালিয়া আক্তারকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক দিকনির্দেশনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে।
অভিযানিক টিম ঘটনাস্থলের পাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে আসামি অনিককে (১৯) মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার বালুরচর এলাকা থেকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে অপর দুই আসামি আশিক ও আলমগীরকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা পূর্ব পরিচিত এবং জানত যে ডালিয়া সকালে কাজের বুয়ার জন্য দরজা খোলা রাখেন। এই সুযোগে তারা পাশের বিল্ডিংয়ের ছাদ হয়ে চুরির উদ্দেশ্যে তার বাসায় প্রবেশ করে। এ সময় ডালিয়া টের পেয়ে চিৎকার দিলে এবং আসামিদের চিনে ফেলায় নিজেদের রক্ষা করতে তাকে ছুরিকাঘাত করে গলা কেটে হত্যা করে। পরে আশিক ও আলমগীর ছাদ দিয়ে এবং অনিক বোরকা পরা অবস্থায় মূল দরজা দিয়ে পালিয়ে যায়। পালানোর সময় বোরকা ও জুতা বালুর মাঠে ফেলে যায়। পরে অনিকের স্বীকারোক্তিতে সেই বোরকা ও জুতা উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।