প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:৫৪ পিএম
প্রতীকী ছবিবাড়ির পাশে খেলছিল দুই শিশু। খেলতে খেলতেই পরিবারের সদস্যদের অগোচরে কখন যে তারা পাশের পরিত্যক্ত পুকুরে পড়ে যায়, তা কেউ টের পাননি। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু নুসাইবা (২) ও আদিবা (৩)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন।
আজ শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসদরের আনোয়ারখালী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নুসাইবা ওই গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে। অন্যদিকে আদিবা তাঁর বোন মরিয়মের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলছিল নুসাইবা ও আদিবা। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে তারা পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাদের উদ্ধার করেন। এরপর দুই শিশুকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাওহীদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।’