প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ২:৫৫ পিএম আপডেট: ০৫.১০.২০২৬ ২:৫৫ পিএম
ছবি: যাযাদি গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দেওলা গ্রামের সোলায়মান মোল্লা (৭০) ও তাঁর স্ত্রী শাহিদা বেগম (৬০)।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান ও ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সোলায়মান মোল্লা ও তাঁর স্ত্রী বাসে করে ঢাকা থেকে মাঝিগাতি বাসস্ট্যান্ডে নামেন। পরে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য সড়ক পার হয়ে অন্য পাশে যাওয়ার সময় একটি বাস তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।