প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:২৫ পিএম
ছবি-যাযাদি বৈরী আবহাওয়া ও পদ্মা নদীতে উত্তাল ঢেউয়ের কারণে ৪৫ মিনিট বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
এর আগে, বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিট থেকে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে পাটুরিয়া ও দৌলতদিয়া উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা কয়েকশ' ছোট-বড় যানবাহন আটকা পড়ে। বৃষ্টির মধ্যে ঘাট এলাকায় অপেক্ষায় থাকায় যাত্রী, চালক ও শ্রমিকদের দুর্ভোগে পড়তে হয়।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে হঠাৎ বৈরী আবহাওয়া সৃষ্টি হয়। একই সঙ্গে পদ্মা নদীতে ঢেউয়ের তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
পরে, আবহাওয়ার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বিকেল ৩টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়। এ সময় ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের ব্যবস্থা করা হয়।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দুপুর ২টা ১৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিকেল ৩টা থেকে ফেরি সার্ভিস পুনরায় চালু করা হয়েছে।