প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:২৭ পিএম
ছবি: যাযাদিকিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যালয়ের পাশে একটি রেইনট্রি গাছে বজ্রপাতের ঘটনায় আতঙ্কিত হয়ে সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে দুই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেললে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে জ্ঞান ফিরলে অভিভাবকদের খবর দিয়ে তাদের বাড়িতে পাঠানো হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, দুপুরে টিফিন পিরিয়ডে হঠাৎ বৃষ্টি শুরু হলে বিদ্যালয়ের পাশের একটি রেইনট্রি গাছে বিকট শব্দে বজ্রপাত হয়। এ সময় গাছের আশপাশে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বজ্রপাতের শব্দ ও বিদ্যুৎ চমকে ভয়ে কয়েকজন শিক্ষার্থী ছুটোছুটি শুরু করে। পরে ষষ্ঠ শ্রেণির সায়মা, সানজিদা, মীম ও নকীব, সপ্তম শ্রেণির ফাহিম ও নুসরাত জাহান সেবা এবং নবম শ্রেণির নোভা অসুস্থ হয়ে পড়ে।
এর মধ্যে সপ্তম শ্রেণির নুসরাত জাহান সেবা ও নবম শ্রেণির নোভা জ্ঞান হারিয়ে ফেলে। বিদ্যালয়ে তাদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে জ্ঞান ফিরলে অভিভাবকদের খবর দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়। সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফাহিম চোখে ঝাপসা দেখছে বলে তার অভিভাবক জানিয়েছেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাছমিন আক্তার বলেন, ‘দুপুরে টিফিন পিরিয়ডে হঠাৎ বিদ্যালয়ের পাশের রেইনট্রি গাছটিতে বজ্রপাত হয়। এতে ক্লাসরুমে থাকা প্রায় সাতজন শিক্ষার্থী আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। দুজন জ্ঞান হারিয়ে ফেলেছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জ্ঞান ফিরলে অভিভাবকদের ফোন করে তাদের কাছে দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, খবর পেয়ে কিশোরগঞ্জ-দুই (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস এবং বিদ্যালয় পরিচালনা কমিটির আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম শিক্ষার্থীদের খোজখবর নেন।