প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:৩৫ পিএম
ছবি: যাযাদিরাজবাড়ীর পাংশায় এক প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে প্রায় পাচ থেকে ছয় লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এর আগে ওই প্রজেক্টে প্রকাশ্য দিবালোকে হামলা, ভাঙচুর ও পুকুরপাড়ের কলাগাছ কেটে নেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে কালাম মন্ডল নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার কালাম মন্ডল পাংশা উপজেলার যশাই ইউনিয়নের পাচ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামে সিঙ্গাপুরপ্রবাসী মো. আসাদ মন্ডলের মাছের পুকুরে বিষ প্রয়োগ করা হয়। এতে পুকুরে থাকা প্রায় পাচ থেকে ছয় লাখ টাকার মাছ মারা গিয়ে পানিতে ভেসে ওঠে। এর আগে মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে ওই প্রজেক্টে হামলা চালিয়ে পুকুরের সীমানার ঘের ভেঙে ফেলার অভিযোগ ওঠে।
ভুক্তভোগী আসাদ মন্ডল অভিযোগ করেন, ১৬-১৭ বছর ধরে সিঙ্গাপুরে কাজ করে উপার্জিত অর্থ দিয়ে তিনি এলাকায় দুই বিঘা জমির ওপর একটি মাছের প্রজেক্ট গড়ে তোলেন। সম্প্রতি যশাই ইউনিয়নের পাচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল প্রজেক্টের ভেতরে ১০ শতক জমি কেনা রয়েছে বলে দাবি করেন। এ নিয়ে রাজবাড়ী আদালতে একটি মামলা চলমান থাকলেও তারা জমির অজুহাতে বিভিন্ন সময় মোটা অঙ্কের চাদা দাবি করে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নানাভাবে হয়রানি শুরু করা হয় বলেও দাবি তার।
আসাদ মন্ডল আরও অভিযোগ করেন, এরই জেরে গত মঙ্গলবার সকালে বহিরাগতদের নিয়ে প্রজেক্টে হামলা চালানো হয়। এ সময় সীমানাপ্রাচীর ভাঙচুর এবং পুকুরপাড় থেকে প্রায় ৫০ কাদি কলা কেটে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীরা যাওয়ার সময় দেখে নেওয়ার হুমকি দেয়। ওই রাতেই পুকুরে বিষ প্রয়োগ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
প্রজেক্টের কর্মচারী সুমন মন্ডল বলেন, পুকুরে বিষ প্রয়োগ করায় সব মাছ মরে ভেসে উঠেছে। এতে শুধু প্রজেক্ট মালিক ক্ষতিগ্রস্ত হননি, আমরা যারা প্রায় ২০ জন এখানে কাজ করতাম, তারাও কর্মহীন হয়ে পড়েছি। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে পাচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিকের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে তার পরিবারের কেউ কথা বলতে রাজি হননি।
পাংশা মডেল থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে কালাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।