প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:৩৭ পিএম
ছবি-যাযাদি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুঠোফোনের পর্দা থেকে বইয়ের পাতায় শিক্ষার্থীদের মনোযোগ ফেরানো এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত তিন মাসব্যাপী ‘বইপড়া উৎসব-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী আটজন শিক্ষার্থী পেয়েছে লেপটপ।
শনিবার (১০ অক্টোবর) দিনব্যাপী শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। সঞ্চালনায় ছিলেন উৎসবের সমন্বয়ক দেবাশীষ দাশ।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও পাঠকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
গত ২১ জুলাই ‘বই পড়ি, মন গড়ি’ স্লোগানে শুরু হওয়া এ উৎসবে উপজেলার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থীকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়। গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় শিক্ষার্থী ও সাধারণ পাঠকসহ ৭৬০ জন অংশ নেন।
আয়োজকদের প্রত্যাশা, বইপড়া উৎসব শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।