ছবি-যাযাদি নড়াইলের কালিয়ায় সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রমের প্রস্তুতি, বাস্তবায়ন পদ্ধতি ও মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রায় ৬৫ হাজার খানার তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
আজ সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় কালিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম। অনুষ্ঠিত আলোচনায় তথ্য সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা, নির্ভুলতা ও সমন্বয় নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল, উপজেলা একাডেমিক সুপারভাইজার এম এম সরাফত হোসেনসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে খানাভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। এ লক্ষ্যে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সংখ্যক তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের প্রক্রিয়া ও প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
উপজেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, শুমারি কার্যক্রম পরিচালনার জন্য ৮৮ জন তথ্য সংগ্রহকারী এবং ৯ জন সুপারভাইজারসহ মোট ৯৭ জন স্বেচ্ছাসেবীকে মূল দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য আরও ৯ জন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজারসহ ১০ জনকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। সব মিলিয়ে এ কার্যক্রমে ১০৭ জন স্বেচ্ছাসেবীকে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
প্রথম ধাপে উপজেলার তিনটি খাশিয়াল, বাঐসোনা ও পুরুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে খানাভিত্তিক শুমারি কার্যক্রম শুরু হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়ন ও পৌরসভায় তথ্য সংগ্রহ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
কালিয়া উপজেলায় প্রায় ৬৫ হাজার খানা রয়েছে। এসব খানার তথ্য সংগ্রহ কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও তদারকির দায়িত্বে থাকা সুপারভাইজারদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রেস কনফারেন্সে তথ্য সংগ্রহের প্রক্রিয়া, মাঠপর্যায়ে দায়িত্ব বণ্টন, কার্যক্রম তদারকি এবং বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
পাশাপাশি কর্মসূচির বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে প্রশাসন, মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও স্থানীয় জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ।
প্রেস কনফারেন্সে কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সাংবাদিকদের অবহিত করার পাশাপাশি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।