প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:২৩ এএম
ছবি-যাযাদি কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি বাসের চাপায় প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ছয়টার দিকে উপজেলার হরিপুর আমিরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই সঙ্গে পরিবারের দুই সদস্যকে হারিয়ে শোকস্তব্ধ স্বজনেরা।
নিহত ব্যক্তিরা হলেন দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের নজির মিয়া (৬৫) ও তাঁর স্ত্রী ঝর্ণা বেগম (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বের হয়ে হরিপুর আমিরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন তাঁরা। এ সময় ঢাকা অভিমুখী দ্রুতগতির একটি অজ্ঞাতনামা বাস তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রেমদাস রায় বলেন, জিংলাতলী গ্রামের বাড়ি থেকে এসে মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির বাস তাঁদের চাপা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্বামী-স্ত্রীর একসঙ্গে মৃত্যুর ঘটনায় তাঁদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। মুহূর্তের এক দুর্ঘটনায় দুই প্রিয়জনকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।