প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯:১২ পিএম
ছবি: সংগৃহীতরাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯০ লাখ টাকা।
সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। একই দিন বিকেল সাড়ে তিন টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন।
আটক ব্যক্তিরা হলেন যশোরের বেনাপোল থানার গয়রা গ্রামের আমিন উদ্দিনের ছেলে রমজান আলী (৩৪), দিঘীরপাড় গ্রামের কাওসার আলীর ছেলে আরমান হোসেন ইউনুস (৩০) এবং কাগমারী গ্রামের মালেক মোড়লের ছেলে আরিফ হোসেন (৩২)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় ফেরি পার হয়ে যশোরের দিকে যাওয়া একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। ট্রাকে থাকা চালক, তাঁর সহযোগী ও অপর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা ট্রাক থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাঁদের আটক করে।
পুলিশ সুপার আরও জানান, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫টি প্যাকেট থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ সুপার। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম, পিপিএম। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন।