প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৮:৪৪ পিএম
গঙ্গাচড়ায় দুর্গাপূজা উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত । ছবি: যাযাদিরংপুরের গঙ্গাচড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিবন্ধিত প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার। পাশাপাশি পূজামণ্ডপগুলোকে আর্থিক অনুদান দিয়েছেন রংপুর-এক আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মোকাররম হোসেন সুজন। সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা শেষে চালের ডিও লেটার বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়।
সোমবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামের মাল্টিপারপাস হলে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর-এক আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, রংপুর-এক আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মোকাররম হোসেন সুজন, উপজেলা বিএনপির সভাপতি চাদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামানসহ অন্যরা।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে উপজেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া পূজার দিনগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার, পূজামণ্ডপের পরিবেশ পর্যবেক্ষণ এবং ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি পূজামণ্ডপ পরিচালনা কমিটিগুলোকে সতর্ক ও দায়িত্বশীল থাকার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনা শেষে সরকারের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার নিবন্ধিত প্রতিটি পূজামণ্ডপের জন্য বরাদ্দ করা ৬০০ কেজি চালের ডিও লেটার বিতরণ করা হয়। একই সময়ে সাবেক সংসদ সদস্য প্রার্থী মোকাররম হোসেন সুজন পূজামণ্ডপগুলোকে আর্থিক অনুদান দেন।
উপজেলা প্রশাসন আসন্ন শারদীয় দুর্গাপূজা ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের উদ্যোগ নিয়েছে।