প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:৫৯ পিএম
ছবি: যাযাদিকন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা রক্ষা এবং শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন এবং পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান পান্নাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সার্বিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন। পরিবার ও সমাজে কন্যাশিশুর মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে প্রয়োজনীয় সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে কন্যাশিশুদের মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।