ছবি-যাযাদি বরিশালের গৌরনদীতে আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলার ঐতিহ্যবাহী বার্থী শ্রীশ্রী তারা মায়ের মন্দির প্রাঙ্গণে গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন।
সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তরা অংশ নেন। এ সময় দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতি, মণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এম. জহির উদ্দিন স্বপন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য। শারদীয় দুর্গোৎসব যাতে আনন্দঘন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে, সে জন্য সরকার ও স্থানীয় প্রশাসন সব ধরনের সহযোগিতা দেবে।
তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, জ্যেষ্ঠ সদস্য আবুল হোসেন মিয়া, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির জাকির হোসেন শরীফ এবং বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু।
সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বণিক, কমিটির সাবেক সভাপতি মনোজ গোমস্তা, বার্থী মন্দির ট্রাস্টি বোর্ডের সভাপতি শান্তুনু ঘোষ, পঞ্চানন দত্ত, সঞ্জয় পাল, মোহনলাল চক্রবর্তী, গোবিন্দ শীল ও সুমন শীলসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিল রাজা মোহন সাহা সভায় পূজামণ্ডপগুলোর প্রস্তুতি পর্যালোচনার পাশাপাশি উৎসবকে নির্বিঘ্ন করতে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে উপজেলার সব পূজামণ্ডপে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।