প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:১৫ পিএম
ছবি-যাযাদি দেশজুড়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য পরিবারের তথ্য সংগ্রহ শুরু হচ্ছে ১৩ অক্টোবর মঙ্গলবার। এ বিষয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ অবহিত করণ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্টিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অবহিত করণ বিষয়ক প্রেস কনফারেন্স হয়।
কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, সমাজসেবা কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীনসহ বিভিন্ন দপ্তরের ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে বক্তারা বলেন, জনগণকে অবহিত করতে মসজিদ, মন্দিরে বিশেষ বার্তা প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থার তথ্য নেবেন। এসব তথ্যের ভিত্তিতে কারা আগে সহায়তা পাবেন, তা নির্ধারণ করা হবে।
বক্তারা আরও বলেন, ফ্যামিলি কার্ডের জন্য কোন টাকা দিতে হবে না। পর্যায়ক্রমে সকলকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।
এ ছাড়া তথ্য সংগ্রহের সময় পরিবারের প্রবীণ ও প্রতিবন্ধী সদস্যদের তথ্যও যেন বাদ না পড়ে, সে বিষয়ে গুরুত্ব দিতে অনুরোধ জানানো হয়েছে।