প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:৫১ পিএম
ছবি-যাযাদি নেত্রকোণার মোহনগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (১৩ অক্টোবর)।
প্রাথমিক পর্যায়ে উপজেলার তিনটি ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হবে। পর্যায়ক্রমে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সোমবার বিকেলে মোহনগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিক উদ্দীন, তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও স্থানীয় সাংবাদিকেরা।
সভা সূত্রে জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় তথ্য সংগ্রহের জন্য ৬২ জন তথ্য সংগ্রহকারী ও ছয়জন সুপারভাইজারকে মূল দায়িত্বে রাখা হয়েছে। পাশাপাশি বিকল্প হিসেবে ছয়জন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজার প্রস্তুত থাকবেন।
প্রথম পর্যায়ে ১ নম্বর বড়কাশিয়া-বিরামপুর, ২ নম্বর বড়তলী-বানিয়াহারী ও ৩ নম্বর তেতুলিয়া ইউনিয়নে কার্যক্রম শুরু হবে। এর মধ্যে মঙ্গলবার সকাল থেকে বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে তথ্য সংগ্রহের কাজ শুরুর কথা রয়েছে। এ কার্যক্রমের জন্য ১৪ জন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তথ্য সংগ্রহের কাজে তাঁদের ট্যাব সরবরাহ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য তথ্য সংগ্রহকারীদেরও ট্যাব দেওয়া হবে।
সভায় ইউএনও আমেনা খাতুন বলেন, তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যসংখ্যা, আয় ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। পরে সংগৃহীত তথ্য সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হবে। এসব তথ্যের ভিত্তিতে পরিবারের সংখ্যা নির্ধারণসহ পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। যোগ্য ব্যক্তিরা পরবর্তী সময়ে ভাতা পাবেন।
তিনি আরও বলেন, পুরো প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। ফলে অনিয়মের সুযোগ থাকবে না। এ জন্য তথ্য সংগ্রহকারীদের প্রতিটি বাড়িতে গিয়ে নির্ভুলভাবে তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।