প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:৪৬ পিএম
ছবি-যাযাদি ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই স্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাজেদা খাতুন, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম এবং ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে তাদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। এ ক্ষেত্রে অভিভাবকদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে।
বক্তারা আরও বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এ জন্য কন্যাশিশুর অধিকার রক্ষা এবং বাল্যবিয়ে বন্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।