প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:১৩ পিএম
ছবি: যাযাদিগাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় এএমসি নীট কম্পোজিট লিমিটেড কারখানায় লে-অফ ঘোষণার প্রতিবাদে এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে তাদের অবরোধে মহাসড়কের ময়মনসিংহগামী লেনে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের দাবির বিষয়ে সমাধানের আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
কারখানা সূত্রে জানা গেছে, পর্যাপ্ত উৎপাদনকাজ না থাকা এবং বয়লারের সমস্যার কারণে গত ১০ অক্টোবর থেকে কারখানার গার্মেন্টস ও কাটিং বিভাগের (ইউনিট-২) প্রায় ৫৮৫ জন শ্রমিকের জন্য লে-অফ ঘোষণা করা হয়েছে।
শ্রমিকেরা জানান, সোমবার সকাল ৮টার দিকে তারা কারখানার সামনে জড়ো হতে শুরু করেন। প্রধান ফটকের পাশে জড়ো হওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ও কারখানার ঝুট ব্যবসায়ীরা তাদের বাধা দেন বলে অভিযোগ করেন তারা। এ নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তারা কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়কে অবস্থান নেন।
শ্রমিকদের অভিযোগ, প্রথমে হঠাৎ করে কারখানায় দুই দিনের ছুটি ঘোষণা করা হয়। এরপর গত শনিবার (১০ অক্টোবর) কারখানার সামনে লে-অফের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। তবে লে-অফ ঘোষণার আগে তাদের পাওনা এবং ভবিষ্যৎ কর্মপরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আলোচনা করা হয়নি।
কারখানাটি কবে চালু হবে, সে বিষয়েও কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু জানায়নি বলে দাবি শ্রমিকদের। ফলে তারা কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। অন্য কারখানায় চাকরি খুজবেন, নাকি বর্তমান কারখানা চালুর অপেক্ষায় থাকবেন, তা নিয়ে দ্বিধায় রয়েছেন তারা।
শ্রমিকেরা বলেন, ঘরভাড়া, খাবারসহ পরিবারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হয় তাদের। কাজ বন্ধ থাকায় তারা আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছেন। এ পরিস্থিতিতে দ্রুত কারখানা খুলে দিয়ে তাদের কাজে ফেরার সুযোগ করে দেওয়ার দাবি জানান তারা।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুর রহমান বলেন, সোমবার সকালে মেম্বারবাড়ি এলাকায় শ্রমিকেরা অল্প সময়ের জন্য সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এ ঘটনায় বড় ধরনের যানজট বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।