প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:১৭ পিএম
ছবি-যাযাদি হ্যালো ডিসি অ্যাপের মাধ্যমে পাওয়া অভিযোগের ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলে মোট ৮টি স্পটে এ অভিযান চালানো হয়।
কেরানীগঞ্জ দক্ষিণের বাস্তা, মীরেরবাগ ও আগানগর এলাকায় ৪ জনকে সাজা দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাজিদ-উল-মাহমুদ। দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল বাশার হাওলাদার (১৫ দিন), অহিদ (৯০ দিন), তারেকুজ্জামান (৩ দিন) ও রাকিব (১২০ দিন)। প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।
অপরদিকে কলাতিয়া ও বৈরাগীকান্দি এলাকাসহ ৪ টি স্পটে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আদনান জুলফিকার। এর মধ্যে ঘাটারচর এলাকায় ১০ গ্রাম গাঁজাসহ ইমাম হোসেন বাবু (৪৬) কে আটক করা হয়। তাকে ২ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মধ্যেরচরের একটি পরিত্যক্ত জমিতে মাদক আড্ডায় অভিযান চালিয়ে দেলোয়ার (৫৭) ও কাশিম (৪৫) কে যথাক্রমে ৩ গ্রাম ও ২ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তাদের প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
চর ওয়াশপুর ও নাজিরপুর এলাকায় অভিযানের আগেই মাদক কারবারিরা পালিয়ে যায়। স্থান দুটি নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।