প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৩:০৫ পিএম
ছবি-যাযাদি চট্টগ্রামের সাতকানিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে করণীয় নির্ধারণ ও সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বেগবান করা লক্ষ্যে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার ৩ নম্বর নলুয়া ইউনিয়ন পরিষদ মাঠে ওই ইউনিয়নে দলীয় প্রার্থী মনোনয়নে যাচাই-বাছাই পরিচালনা কমিটির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জামাল হোসেন, মুজিবুর রহমান চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য হাজী রফিকুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু, মোস্তাফিজুর রহমান এবং পৌরসভা বিএনপি নেতা এরশাদুল হক চৌধুরী তসলিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলকে সুসংগঠিত রাখতে যোগ্য, ত্যাগী ও গ্রহণযোগ্য প্রার্থীদের দলীয় সমর্থনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তৃণমূলে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার জন্য সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, দল মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের নেতা-কর্মীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। দলীয় প্রার্থীর বিরোধিতাকারীর ব্যাপারে সাংগঠনিক ভাবে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলেও হুশিয়ারী দেন বক্তাগণ।
সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা, সাতকানিয়া উপজেলা, পৌরসভা, নলুয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় প্রার্থীরা উপস্থিত ছিলেন।