প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৩:৫৩ পিএম
ছবি-যাযাদি লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অনুমোদনবিহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় দুটি ওষুধের দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) ভোরে কমলনগর উপজেলার মতিরহাট মাছঘাটে এবং দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মতিরহাট মাছঘাটে পরিচালিত অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী দুই জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় জব্দ করা ১৫ কেজি ইলিশ স্থানীয় একটি এতিমখানায় দান করা হয়। অভিযান পরিচালনা করেন কমলনগরের সহকারী কমিশনার (ভূমি) ও লক্ষ্মীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হুসাইন।
অন্যদিকে, দালাল বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খানের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনবিহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী দুটি ওষুধের দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা, আইন প্রয়োগ এবং ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।