প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:০৪ পিএম
ছবি: যাযাদিমৌলভীবাজার সদর উপজেলার নারাইনপাশা এলাকার চা বিক্রেতা দুরুদ মিয়া হত্যা মামলায় ছাদিক মিয়া নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় অপর সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামসাদ বেগম এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১২ জুন সকালে নারাইনপাশা এলাকার চা বিক্রেতা দুরুদ মিয়া ছাদিক মিয়ার কাছে পাওনা এক হাজার ২৬৩ টাকা চান। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে ছাদিক মিয়া ঘটনাস্থল থেকে চলে যান। কিছুক্ষণ পর তিনি অন্যদের সঙ্গে নিয়ে ফিরে এসে দুরুদ মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। গুরুতর আহত দুরুদ মিয়াকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই দিন রাত সাড়ে ১১টার দিকে নিহতের ছেলে মকবুল মিয়া আটজনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা করেন।
দীর্ঘ শুনানি শেষে আদালত ফৌজদারি কার্যবিধির ৩০২ ধারায় ছাদিক মিয়াকে মৃত্যুদণ্ড দেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তছকির মিয়া, সিরাজ মিয়া, নুরুল ইসলাম, ছাইফুর রহমান, আতাউর রহমান, শফিক মিয়া ও আছাব মিয়াকে খালাস দেওয়া হয়।
রায়ে সন্তোষ প্রকাশ করে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নিয়ামুল হক বলেন, সাক্ষীদের হাজির করে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন হওয়ায় মামলার জট কমছে এবং বিচারপ্রার্থীরা সন্তুষ্ট হচ্ছেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী বলেন, প্রকৃত অপরাধীর সাজা হওয়ায় বাদীপক্ষসহ মানুষের আইনের প্রতি আস্থা ও শ্রদ্ধা আরও বাড়বে।
রায়ে সন্তোষ প্রকাশ করে নিহত দুরুদ মিয়ার স্বজনেরা বলেন, তারা ন্যায়বিচার পেয়েছেন। অন্যদিকে, রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছাদিক মিয়া ও তার স্বজনেরা আদালতের বারান্দায় কান্নায় ভেঙে পড়েন।