প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:৫০ পিএম
ছবি: যাযাদিলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালনের কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। দিবসটি উপলক্ষে মাঠপর্যায়ে দৃশ্যমান প্রচার-প্রচারণা বা জনসচেতনতামূলক আয়োজন চোখে না পড়ায় সরকারি বরাদ্দের অর্থ কীভাবে ব্যয় করা হয়েছে, তা জানতে চেয়েছেন তারা। স্থানীয়দের অভিযোগ, দিবসটি পালনের কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক পোস্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
স্থানীয়দের দাবি, দিবসটি উপলক্ষে সাধারণ মানুষের অংশগ্রহণে কোনো কর্মসূচি তাদের চোখে পড়েনি। জাতীয় গণমাধ্যমের সংবাদকর্মীদের উপস্থিতিও তারা দেখেননি। জাতীয় গণমাধ্যমে দিবসটি পালনের কোনো সংবাদ তাদের নজরে আসেনি বলেও জানান তারা।
কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য সুরক্ষা এবং সমান সুযোগ তৈরিতে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই দিবসটি পালন করা হয়। তবে কালীগঞ্জে এ উপলক্ষে দৃশ্যমান উদ্যোগ না থাকায় কর্মসূচির ধরন ও বাস্তবায়ন নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয়দের প্রশ্ন, দিবসটি পালনে সরকারি বরাদ্দ থাকলে সেই অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় করা হয়েছে? শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েই কি দিবস পালনের দায়িত্ব শেষ, নাকি কন্যাশিশুদের অধিকার ও সুরক্ষা নিয়ে সচেতনতা বাড়াতে অন্য কর্মসূচিও আয়োজন করা হয়েছিল?
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সঙ্গে কথা বলতে বলেন।
পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান বলেন, উপজেলা পরিষদের ভেতরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। কন্যাশিশু দিবস পালনে সরকারি বরাদ্দ ছিল আট হাজার টাকা।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালির ছবি চাইলে তিনি তা দিতে আপত্তি জানান এবং পরদিন তাঁর কার্যালয়ে গিয়ে দেখা করতে বলেন।