ছবি-যাযাদি নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় ডিমলা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান।
এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, সাবেক সদস্য অধ্যাপক সেতারা সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানী রায় এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিরেন্দ্রনাথ রায়।
এ ছাড়া ডিমলা উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার সুরক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ জন্য কন্যাশিশুর প্রতি সব ধরনের বৈষম্য দূর করে তাদের বেড়ে ওঠা ও বিকাশের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি কন্যাশিশুর প্রতি ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সচেতনতা বাড়ানো জরুরি।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভার মাধ্যমে কন্যাশিশুর অধিকার সুরক্ষা, সমান সুযোগ নিশ্চিতকরণ এবং তাদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।