প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:৫৬ পিএম
প্রতীকী ছবিচট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে মো. হোসাইন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভেসে উঠলে স্বজন ও স্থানীয়রা তা উদ্ধার করেন। এর আগে রোববার সন্ধ্যায় বাড়িতে না ফেরায় শিশুটির পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিহত হোসাইন উত্তর পরুয়াপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট। তার বাবা চট্টগ্রাম বন্দরে শ্রমিক হিসেবে কাজ করেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, রোববার বিকেলে বাড়ির পাশে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল হোসাইন। ছেলেকে খেলতে দেখে তার মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েন। খেলতে খেলতে কোনো একসময় সবার অগোচরে চলে যায় শিশুটি।
সন্ধ্যা হলেও হোসাইন বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও শিশুটিকে খুঁজতে বের হন। এলাকায় মাইকিং করেও তার সন্ধান পাওয়া যায়নি।
রোববার রাত ৯টার দিকে ছেলের নিখোঁজের ঘটনায় আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি করেন বাবা আব্দুর রহিম। এরপরও স্বজনেরা রাতভর বিভিন্ন স্থানে হোসাইনের সন্ধান করতে থাকেন।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী সেখানে ছুটে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় আনোয়ারা থানা-পুলিশ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, শিশুটি সাঁতার জানত না। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।