প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৭:১১ পিএম
ছবি-যাযাদি নারীদের দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোণার মোহনগঞ্জে মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার হস্তশিল্প প্রশিক্ষণার্থীদের মধ্যে যাতায়াত ভাতার চেক বিতরণ করা হয়েছে। তিন মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (১২ অক্টোবর) বিকেলে ৪১ জন প্রশিক্ষণার্থীর হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে চেক তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির।
অনুষ্ঠানে মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার উপদেষ্টা আজমল হোসেন চৌধুরী, পরিচালক আসমা আক্তার বিথী, সাংবাদিক সাইফুল আরিফ জুয়েলসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
সংস্থা সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারীরা মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থায় ভর্তি হয়ে সেলাইসহ নানা ধরনের হস্তশিল্পের প্রশিক্ষণ নিচ্ছেন। তিন মাসব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে নারীদের হাতে-কলমে কাজ শেখানো হচ্ছে, যাতে তাঁরা অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আয়মূলক কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।
প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীদের যাতায়াতের ব্যয় কিছুটা লাঘব করতে সংস্থাটির উদ্যোগে পর্যায়ক্রমে ভাতার চেক বিতরণ করা হচ্ছে। এর আগে কয়েক দফায় প্রশিক্ষণ সম্পন্ন করা নারীদের মধ্যে এ ভাতার চেক দেওয়া হয়েছে। বর্তমানে প্রশিক্ষণরত অন্য নারীদের প্রশিক্ষণ শেষ হলে তাঁদের মধ্যেও পর্যায়ক্রমে চেক বিতরণ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক আসমা আক্তার বিথী বলেন, ‘নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যেই আমরা সেলাইসহ বিভিন্ন ধরনের হস্তশিল্প প্রশিক্ষণ দিয়ে আসছি। প্রশিক্ষণের মাধ্যমে নারীরা যেন নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে আয় করতে পারেন, সে লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা দেওয়া তাঁদের প্রশিক্ষণে অংশগ্রহণে সহায়ক হবে। প্রশিক্ষণ শেষ হলে পর্যায়ক্রমে অন্য প্রশিক্ষণার্থীদেরও যাতায়াত ভাতার চেক দেওয়া হবে।’