ছবি-যাযাদি নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় শুরু হয়েছে তথ্য সংগ্রহ কার্যক্রম। উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার সব পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। এ কার্যক্রম পরিচালনায় নিয়োজিত রয়েছেন ৯৭ জন তথ্য সংগ্রহকারী ও ১০ জন সুপারভাইজার। সোমবার (১২ অক্টোবর) থেকে দেশব্যাপী একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে।
সরকারের এ কর্মসূচির আওতায় দরিদ্র, অতিদরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্ন আয়ের পরিবারগুলোকে চিহ্নিত করে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে নারীর মর্যাদা, অধিকার ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবারকেন্দ্রিক উন্নয়ন নিশ্চিত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
সোমবার বিকেলে দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজারে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাতের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, সহসভাপতি এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, ইউপি প্রশাসক বিজন কান্তি ধর, বিএনপি নেতা নিশার ভূঁইয়া, আব্দুল্লাহ আল মামুন মুকুল ও অধ্যক্ষ শহীদুল্লাহ খান। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা বিশেষায়িত ট্যাব ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে পরিবারের আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য সরাসরি অনলাইন ডেটাবেইসে অন্তর্ভুক্ত করা হবে। তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
পরিবারগুলোর আর্থসামাজিক অবস্থা যাচাই করে উপকারভোগী নির্বাচনে স্কোরিং পদ্ধতি অনুসরণ করা হবে। সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রতিটি পরিবারের স্কোর নির্ধারণ করা হবে এবং সেই স্কোরের ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করা হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত বলেন, এ কর্মসূচির মূল দর্শন হলো—‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। পরিবারকেন্দ্রিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল স্বচ্ছতা ও জবাবদিহি এবং টেকসই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এ উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি বলেন, দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনধারণের মৌলিক চাহিদা পূরণে সহায়তা করাই ফ্যামিলি কার্ড কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। এ কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করেন তিনি।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, যথাযথ যাচাই-বাছাই ও স্বচ্ছতার মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা সম্ভব হলে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিম্ন আয়ের পরিবারের জীবনমান উন্নয়ন এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।