প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৭:৫৯ পিএম
পূর্বধলায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার আসামি মাসুদ । ছবি: যাযাদিনেত্রকোণার পূর্বধলায় সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে সহযোগীদের সঙ্গে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় পলাতক আরেক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তার আসামির নাম মাসুদ (১৮)। তিনি পূর্বধলা উপজেলার কান্দুলিয়া এলাকার বাসিন্দা।
সোমবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার কান্দুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলায় মোট তিনজন আসামি রয়েছেন। তাদের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। মাসুদসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। গ্রেপ্তার দুই আসামি কারাগারে রয়েছেন।
মামলার প্রধান আসামি আনারুল ইসলাম (২২) পূর্বধলা উপজেলার কান্দুলিয়া এলাকার বাসিন্দা। গত ৪ অক্টোবর ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেঁচুয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী নারীর সঙ্গে আনারুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। পরে তারা বিয়ে করেন। সম্পর্কের অবনতি হলে আনারুল ওই নারীকে তালাক দেন। এরপর দেখা করার কথা বলে গত বছরের ২৯ ডিসেম্বর সন্ধ্যায় ওই নারীকে নিজের বাড়িতে ডেকে নেন তিনি।
অভিযোগে বলা হয়, রাত সাড়ে ১১টার দিকে ওই নারীকে জোর করে জনশূন্য এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে মাসুদ, আনারুলসহ অন্য আসামিরা তাকে ধর্ষণ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর আসামিরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।