
দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরতে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমের ওপর বিভিন্ন সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
র্যালি শেষে দুর্যোগ মোকাবিলায় বাস্তব প্রস্তুতির অংশ হিসেবে ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন ধরনের মহড়া প্রদর্শন করেন। এতে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজ পরিচালনা, আগুন নিয়ন্ত্রণ এবং দ্রুত জরুরি সেবা দেওয়ার কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগের সময় কীভাবে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা সম্ভব, তা মহড়ার মাধ্যমে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্য এবং সিপিপির স্বেচ্ছাসেবকরা।
বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে উপকূলীয় উপজেলা শ্যামনগর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলেই চলবে না; একই সঙ্গে প্রয়োজন সাধারণ মানুষের সচেতনতা, পারিবারিক পর্যায়ে প্রস্তুতি এবং সম্মিলিত উদ্যোগ।
তারা আরও বলেন, দুর্যোগের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, ঝুঁকি সম্পর্কে ধারণা রাখা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জানা থাকলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। তাই প্রত্যেক পরিবারকে নিজ নিজ অবস্থান থেকে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি একটি নিরাপদ, সচেতন ও দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।