প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:২৯ পিএম
ছবি-যাযাদি নেত্রকোণার মোহনগঞ্জে নারী ও কিশোরীদের প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বাড়াতে ১৮ সদস্যের উপজেলা নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে বেসরকারি সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়। রিনিউড উইমেন’স ভয়েস অ্যান্ড লিডারশিপ-বাংলাদেশ (আরডব্লিউভিএল-বি) প্রকল্পের আওতায় আয়োজিত এ কার্যক্রমে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। এতে অর্থায়ন করে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।
অনুষ্ঠানে নারী, কিশোরী ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক উদ্যোগ গড়ে তোলা, সচেতনতা বৃদ্ধি এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। আলোচনায় বিধবা, তালাকপ্রাপ্ত, গর্ভবতী ও প্রসূতি নারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন নারীদের সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল কবির, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান আলম বিপ্লব, সাংবাদিক হাফিজুর রহমান চয়ন ও শ্যামল চৌধুরী এবং ইউপি সদস্য শাহা-আলম।
এ ছাড়া বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রকল্প ব্যবস্থাপক দুর্গা রানী সাহা, মনিটরিং কর্মকর্তা নিশি ত্রিপুরা, সাথী রানী দাস এবং কমিউনিটি মোবিলাইজার রিপা আক্তার ও সাদিয়া নাসরিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উন্মুক্ত আলোচনা শেষে উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান আলম বিপ্লবকে সভাপতি এবং সাজেদা ইয়াসমিনকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যের উপজেলা নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনের মধ্য দিয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের প্রত্যাশা করা হচ্ছে।