প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:০০ পিএম
সংগৃহীত ছবিশিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক উচ্চশিক্ষা-কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার’ চালু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমির হোসেনের উদ্যোগে প্রতিষ্ঠিত এ কেন্দ্রে শিক্ষার্থীরা কোরীয়, জাপানি, চীনা (মান্দারিন) ও আরবি ভাষা শেখার সুযোগ পাবেন।
সরকারের তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে নির্বাচিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাবিপ্রবিকেও এ সুযোগ দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরে কার্যক্রম শুরু করার লক্ষ্যে প্রস্তুতি চলছে। কেন্দ্রের জনবল কাঠামো নিশ্চিত করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। অনুমোদন পেলেই পুরোদমে কার্যক্রম শুরু হবে।
জাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, "সরকারের তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রমের আওতায় নির্বাচিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাবিপ্রবিকেও এ সুযোগ দেওয়া হয়েছে। শুরুতে এটি ক্রেডিটবিহীন (আউটসাইড) কোর্স হিসেবে চালু হবে। পরবর্তী সময়ে এগুলোকে ক্রেডিট কোর্সে রূপান্তর করা হবে। শিক্ষার্থীদের পেশাগত উন্নয়ন এবং জাপানসহ আন্তর্জাতিক কর্মবাজারের উপযোগী দক্ষতা অর্জনে এই কোর্স বিশেষ ভূমিকা রাখবে।"
তিনি আরও বলেন, "আগামী ডিসেম্বরে কার্যক্রম শুরু করার লক্ষ্যে প্রস্তুতি চলছে। কেন্দ্রের জনবল কাঠামো নিশ্চিত করতে আমরা ইতোমধ্যে অর্গানোগ্রাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছি। অনুমোদন পেলেই কার্যক্রম পুরোদমে শুরু হবে।
এ কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন ভাষা শেখার পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর শিক্ষা, সংস্কৃতি ও আন্তর্জাতিক যোগাযোগ সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। একই সঙ্গে উচ্চশিক্ষা, গবেষণা, বৃত্তি ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সম্ভাবনা সম্প্রসারণেও কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
জাবিপ্রবি শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তোলা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিসর সম্প্রসারণের লক্ষ্যে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার এ উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।