প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪:৪৪ পিএম
ছবি: যাযাদিমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আছুরিঘাট এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিপন মিয়া (২২) নামে এক চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ও পুলিশ ধাওয়া করে ট্রাকসহ অপর চালককে আটক করে। সোমবার রাতে কুলাউড়া-বড়লেখা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আছুরিঘাট এলাকায় একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক রিপন মিয়া গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি বড়লেখা উপজেলার কাশেমনগর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।
দুর্ঘটনার পর ট্রাক নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন চালক ইমন। পরে স্থানীয় লোকজন ও জুড়ী থানা-পুলিশ ধাওয়া করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ট্রাকসহ তাকে আটক করে। ইমনের বাড়ি ঢাকার পোস্তগোলা এলাকায় বলে জানা গেছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক ইমন দুর্ঘটনা ঘটানোর কথা স্বীকার করেছেন। পরে তাকে ট্রাকসহ জুড়ী থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়।
জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালিক জানান, অভিযুক্ত চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে কুলাউড়া থানার মাধ্যমে মৌলভীবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।