প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৫:১৫ পিএম
ছবি-যাযাদি আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ মাঠে ভূমিকম্পে আহত ব্যক্তিদের উদ্ধার ও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের ওপর একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এতে অংশ নেন দেবিদ্বার মফিজ উদ্দিন আহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলা পরিষদ স্কুলের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে র্যালী, আলোচনা সভাসহ এসব কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। এবারের প্রতিপাদ্য ছিলো “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ জোবায়ের হাসান, মুরাদনগর ফায়ার সার্ভিসের লিডার মোঃ আনোয়ার হোসেন, দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ আক্তার হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতার বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁরা আরও বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি রাখা জরুরি। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।
আয়োজিত এ মহড়ায় ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার, প্রাথমিক উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং অগ্নিকাণ্ডের সময় আগুন নিয়ন্ত্রণে আনার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।