প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:৩৪ পিএম
প্রতীকী ছবিব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখার কেন্দ্র ব্যবস্থাপক মো. জসীম উদ্দিনকে ছুরিকাঘাত করে এক লাখ ৭৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শ্যামগ্রাম বাজারসংলগ্ন ব্যাংকের কেন্দ্র ঘরে এ ঘটনা ঘটে। আহত জসীম উদ্দিনকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
জসীম উদ্দিনের ভাষ্য, মঙ্গলবার দুপুরে তিনি ব্যাংকের কেন্দ্র ঘরে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করছিলেন। এ সময় একই গ্রামের আনোয়ার মিয়ার ছেলে সোহেল ধারালো ছুরি নিয়ে তার ওপর হামলা চালান। এতে তার দুই হাতে ছুরিকাঘাত লাগে। পরে সঙ্গে থাকা এক লাখ ৭৩ হাজার টাকা নিয়ে চলে যান ওই ব্যক্তি বলে অভিযোগ করেন তিনি।
পরে স্থানীয় লোকজন আহত জসীম উদ্দিনকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।