প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:৪৯ পিএম
ছবি: যাযাদিকক্সবাজারের পেকুয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শওকত আরা শেফু ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা ও সনদ পেয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি ও উদ্ধার কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পেকুয়া উপজেলায় ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, সচেতনতামূলক প্রচার এবং জরুরি ত্রাণ সহায়তায় কাজ করছেন শওকত আরা শেফু। দুর্যোগের সময় বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় পর্যায়ে তিনি প্রশংসা পেয়েছেন।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় শওকত আরা শেফু বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, এটি সমগ্র পেকুয়াবাসীর। উপকূলীয় অঞ্চলের মানুষের দুর্ভোগে পাশে দাড়ানো আমার সামাজিক ও মানবিক দায়িত্ব। এ স্বীকৃতি ভবিষ্যতে মানবসেবায় আমাকে আরও অনুপ্রাণিত করবে।
সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে জাতীয় পর্যায়ে সম্মাননা পাওয়ায় পেকুয়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা এ অর্জনকে পেকুয়া উপজেলার জন্য গৌরবের বলে উল্লেখ করেন।